কক্সবাজার উখিয়ার বালুখালী সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি বদি আলম নামে এক যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে।সীমান্ত এলাকায় মাছ ধরতে গেলে মিয়ানমার অংশে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি শরীর থেকে আলাদা হয়ে যায় এবং শরীরের ডান পাশ মারাত্মকভাবে জখম হয়।
বৃহস্পতিবার (৬ আগষ্ট)সকাল ১০ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে নাফ নদীর শূণ্যরেখার মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।
আহত বদি আলম (৩২) উখিয়ার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুমেরছড়া এলাকার সোনা মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বৃহস্পতিবার সকালে উখিয়ার বালুখালী সীমান্তের নাফ নদীতে বদি আলম সহ স্থানীয় আরও ২/৩ জন মাছ ধরতে যায়। এক পর্যায়ে শূণ্যরেখার মিয়াওনমার অভ্যন্তরে পুঁতে রাখা মাইন আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বদি আলমের ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং ডান পাশে আঘাতপ্রাপ্ত হয়।
বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ (MSF) হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এর আগে, গত ২৮ জুলাই নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে আব্দুল করিম (৪০) নামের এক যুবক আহত হয়েছিল।
এনিয়ে গত এক বছরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত এবং ৩১ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
মীর কাশেম আজাদ,কক্সবাজার প্রতিনিধিঃ
