পঞ্চগড়ের দেবীগঞ্জে জাইমা রহমানকে নিয়ে এআই-তৈরি বিতর্কিত পোস্ট: যুবক গ্রেফতার।
মোহাম্মদ মাহাবুব আলম
পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে মোঃ শাকিল আহমেদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত শাকিল আহমেদ নগর ভাউলাগঞ্জ এলাকার মোঃ বুলবুল ইসলামের ছেলে এবং ঢাকার তেজগাঁও কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে একটি বিতর্কিত পোস্ট প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের সাথে নিজের ছবি দিয়ে বিতর্কিত একটি পোস্ট দেন শাকিল আহমেদ। পরবর্তীতে পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
পোস্টটি স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে এলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে এসআই ফারুকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, সামাজিক মাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল যাচাই করে বিতর্কিত পোস্টের সত্যতা পাওয়া গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।