আজ ২৭ এপ্রিল সোমবার বিকালে অসুস্থ শিশুদের কষ্ট কমাতে মানবিক উদ্যোগ: মাগুরা সদর হাসপাতালে নতুন নেবুলাইজার স্থাপন করেন মাসুদ হাসান খান কিজিল।
মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যার আংশিক সমাধান হয়েছে। এতদিন মাত্র একটি নেবুলাইজার মেশিন দিয়ে শিশুদের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অভিভাবকদের দীর্ঘ সময় সিরিয়ালে অপেক্ষা করতে হতো। এতে ভোগান্তিতে পড়ত অসুস্থ শিশুরা এবং জরুরি চিকিৎসা সেবা পেতেও বিলম্ব ঘটত।
এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানবিক উদ্যোগ গ্রহণ করেন মাগুরা পৌর বিএনপির নির্বাচিত সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল। তাঁর ব্যক্তিগত উদ্যোগে শিশু ওয়ার্ডে স্ট্যান্ডসহ আরও একটি নেবুলাইজার মেশিন স্থাপন করা হয়েছে। ফলে এখন থেকে শিশুদের দ্রুত ও সহজে নেবুলাইজেশন সেবা পাওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
নতুন নেবুলাইজার মেশিন স্থাপন উপলক্ষে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিপন আকাশ অপু, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হান, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আলী মির্জাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিশুদের জরুরি
চিকিৎসা প্রদানে সময় সাশ্রয় হবে এবং অভিভাবকদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
হাসপাতালে আগত কয়েকজন অভিভাবক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “আগে একটি মেশিনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হতো। এখন নতুন মেশিন হওয়ায় চিকিৎসা দ্রুত পাওয়া যাবে।”
স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহণ করা হলে হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটবে।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
