পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি পলাশ চন্দ্র মাঝি, যিনি ভারতের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা। প্রাথমিকভাবে তাকে চোরাকারবারি ও হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে গোয়েন্দা সংস্থা।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে বাংলাবান্ধা স্থলবন্দরের আইসিপি চেকপোস্টে অভিযান চালায় বিজিবি। এ সময় পলাশ চন্দ্র মাঝিকে তল্লাশি করে তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার, ৫ ভারতীয় রুপি, ১৩০ নেপালি রুপি এবং ৩ হাজার ৫৭০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।
গোয়েন্দা সূত্র জানায়, আটক ওই ভারতীয় নাগরিক গত ২৭ মার্চ ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে প্রবেশ করেন। সোমবার দুপুরে তিনি ভারতে ফেরত যাওয়ার উদ্দেশ্যে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করলে তাকে আটক করা হয়।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান এন্টার টিভি কে জানান, বাংলাবান্ধা স্থলবন্দরে একজন ভারতীয় নাগরিক আটক হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মোহাম্মদ মাহাবুব আলম
পঞ্চগড় জেলা প্রতিনিধি
