শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ঘোড়ার মাংস গরুর মাংস বলে বিক্রির অভিযোগে মো. ডালিম মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় স্থানীয় জনতা তাকে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করলে পরে এ দণ্ড দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেড়াইদেরচালা গ্রামের ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকা থেকে ডালিম মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জবাই করা পাঁচটি ঘোড়ার মাথা, লেজ, চামড়া ও নাড়িভুঁড়ি উদ্ধার করা হয়।
পরে রাতেই শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ডালিম মিয়া ওই এলাকার মো. শামসুদ্দিনের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে সেখানে বসবাস করছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া অংশগুলো পরীক্ষা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডালিম মিয়া স্বীকার করেন, তিনি ও তার সহযোগীরা ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তবে অভিযানের সময় তার সহযোগীরা মাংস নিয়ে পালিয়ে যায়।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মো. গোলাম মুর্শেদ মুরাদ জানান, উদ্ধার হওয়া
ঘোড়ার মাথা, লেজ, চামড়া ও নাড়িভুঁড়ি পরে মাটিচাপা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত ডালিম মিয়াকে এ দণ্ড প্রদান করেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
