মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি (EGPP) কর্মসূচির আওতায় গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে “পারুলিয়া খাল” ও “বিন্দাই খাল” পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের সূচনা করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঁইয়া বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে খাল পুনঃখননের এ উদ্যোগ স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ সুফল বয়ে আনবে। এতে করে জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বাড়বে।
সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি এলাকায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা দূর হবে, কৃষিতে গতি আসবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।”
তিনি আরও বলেন, এ ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খাল দুটি ভরাট হয়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। পুনঃখননের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
