টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার (৪ মে) রাতে উপজেলার ঘাটান্দি নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— গোপালপুর থানার ভোলারপাড়া গ্রামের রবিউল, ভূঞাপুর থানার কুকাদাইর গ্রামের মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতি থানার শামশৈল গ্রামের শাহ আলম ও মাসুদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য হিসেবে এলাকায় পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তারা ঘাটান্দি নতুনপাড়ার নজরুল ইসলামের বাড়ির নিচতলায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে পরিকল্পনা করছে।
খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশের একটি দল রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালায়। অভিযানে এসআই নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়ার নেতৃত্বে চারজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ তাদের কাছ থেকে তালা ও গ্রিল কাটার লোহার কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি, সুইচ গিয়ার চাকু ও চাপাতিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
উত্তর টাঙ্গাইল প্রতিনিধি
মোঃ আব্দুল্লাহ
