সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ আলী ভুঁইয়ার সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরে এ মতবিনিময় সভা ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে জনসভায় রূপ নেয়।
শনিবার বেলকুচি পৌরসভার শেরনগর ফাজিল ডিগ্রি সিনিয়র মাদ্রাসা মাঠে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারপাড়া কবরস্থানের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আব্দুল মজিদ খান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বেলকুচি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া আবেগঘন বক্তব্যে বলেন, “আমার ছেলেকে আমি আপনাদের মাঝে খাদেম হিসেবে উৎসর্গ করলাম। আপনাদের যে প্রয়োজনে আমার ও আমার ছেলেকে ব্যবহার করতে চান, করতে পারবেন। আপনাদের সুখে-দুঃখে আমার ছেলে সবসময় পাশে থাকবে। স্বাস্থ্য, শিক্ষা ও পৌরসভার উন্নয়নমূলক সব কাজে তাকে আপনাদের পাশে পাবেন। যদি কখনো সে জনগণের সেবা দিতে ব্যর্থ হয়, তাহলে তার গালে দুটি থাপ্পড় মেরে বিচার নিয়ে আমার কাছে আসবেন।”
তার এই বক্তব্যে উপস্থিত জনতার মাঝে ব্যাপক সাড়া পড়ে এবং সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সভায় সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ আলী ভুঁইয়া তার বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে বেলকুচি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তুলবেন। তিনি নাগরিক সেবা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিক্ষার প্রসার, রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী চাঁন আলি খান, হাজী রমজান আলী, হাজী জহুরুল ইসলাম মুকুল, হাজী হাসেন ব্যাপারী, হাজী মোতাহার হোসেন, হাজী আশরাফ প্রামাণিক, হাজী আলমাস, নজরুল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক পরিবেশ ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, মতবিনিময় সভা ও জনসম্পৃক্ততা দিন দিন বাড়ছে। স্থানীয়দের মতে, হাজী মোহাম্মদ আলী ভুঁইয়ার এই জনসভায় ব্যাপক উপস্থিতি তার জনপ্রিয়তারই প্রতিফলন।
অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ সম্ভাব্য মেয়র প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আল আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
