নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’ প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ডাবল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কিশোরগঞ্জের অদম্য কিশোরী মারিয়া আক্তার তাসফিয়া (১৪)। প্রান্তিক ও দূরবর্তী গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তিনি।
১৪ বছর বয়সী মারিয়া প্রতিযোগিতার ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্টে (দৌড়ে) অংশ নিয়ে নিজের দুর্দান্ত গতি ও প্রতিভার স্বাক্ষর রেখে জোড়া স্বর্ণপদক জয় করেন।
প্রতিযোগিতা শেষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত থেকে সরাসরি স্বর্ণপদক গ্রহণ করেন মারিয়া। নিজের এই ঐতিহাসিক ও স্মরণীয় প্রাপ্তিতে মারিয়া ও তাঁর পরিবারসহ সমগ্র এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে আবেগপ্লুত মারিয়া আক্তার তাসফিয়া বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে আমাদের পুরো খেলা দেখেছেন এবং খেলা শেষে নিজ হাতে পুরস্কার তুলে দিয়েছেন। ওই মুহূর্তের স্মৃতি আমি সারাজীবন হৃদয়ে লালন করব।"
গ্রামের মেঠোপথ পেরিয়ে লাল ট্র্যাকে গতির ঝড় তোলা মারিয়ার এই অনন্য অর্জন স্থানীয় উদীয়মান ক্রীড়াবিদদের জন্য এক দারুণ অনুপ্রেরণা হয়ে থাকবে।
