সংস্কৃতির মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে আবার যাত্রাপালা ও নাট্যচর্চা চালু করা হবে। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা, সংস্কৃতি ও সমাজব্যবস্থাকে ধ্বংস করেছে এবং ইতিহাস বিকৃত করেছে।
শনিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলার নির্বিশখালী খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বিদেশি অপসংস্কৃতি দীর্ঘদিন ধরে এ দেশে প্রচার করা হয়েছে। দেশীয় সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে। গণমাধ্যমের একাংশকে সরকার নিজেদের সেবাদাসে পরিণত করেছিল। শিক্ষা ব্যবস্থায় পরীক্ষার গুরুত্ব কমিয়ে শিক্ষার্থীদের প্রকৃত মেধা বিকাশ বাধাগ্রস্ত করা হয়েছে। পরিকল্পিতভাবে শিক্ষা ও মেধাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার।”
এ সময় তিনি আরও বলেন, “সবাই পালিয়ে গেছে, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।”
পরিদর্শনকালে মন্ত্রী স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বিশখালী খাল পুনঃখনন প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখেন।
উপজেলা পানি উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে, অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় মহম্মদপুর উপজেলার রামপুরা সুইচ গেট থেকে বালিদিয়া নির্বিশখালী পর্যন্ত খাল পুনঃখনন করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭১ লাখ ৬১ হাজার ৬৪১ টাকা।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
