ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ২৭ বছর তিন মাসের কারাদণ্ড ভোগ শুরু হয়েছে। গত নির্বাচনে হেরে যাওয়ার পর অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে তাকে এই সাজা দেয়া হয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে।এই মামলার বিচারক সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস এক রায়ে বলেন, বলসোনারোকে ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ কমপ্লেক্সেই রাখা হবে। তাকে সর্বোচ্চ নিরাপত্তা বা সামরিক কারাগারে পাঠানোর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।বলসোনারোর আইনজীবীরা গৃহবন্দি অবস্থায় সাজা ভোগের আবেদন করেছিলেন। তবে তা নাকচ করে দেন বিচারপতি মোরায়েস। কারণ হিসেবে তিনি অ্যাঙ্কেল ব্রেসলেট ভাঙার চেষ্টার কথা উল্লেখ করেন। বিচারক এটাকে বলসোনারোর পালিয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন।
বলসোনারোকে গত শনিবার (২২ নভেম্বর) গ্রেফতার করা হয়। ওইদিন তাকে ফেডারেল পুলিশ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেদিন থেকে এখানেই আটক আছেন তিনি। বিচারক মোরায়েস জানান, বলসোনারোর বয়স ও দুর্বল স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে প্রধান পুলিশ সদর দফতরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
