আজ ১০ মে রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার চৌরঙ্গী মোড় ও নতুন বাজার নান্দুয়ালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
বেলা ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে হাজী বিরিয়ানি ও নান্না বিরিয়ানি প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, খাবারে ক্ষতিকর ও অননুমোদিত রঙ ব্যবহার এবং ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাবার সংরক্ষণের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় নান্না বিরিয়ানিকে ১০ হাজার টাকা এবং হাজী বিরিয়ানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযানে মোট দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের নকল ও ভেজাল পণ্য বিক্রি না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অতিরিক্ত মুনাফা না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, জেলা মার্কেটিং অফিসার মো: রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট |
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
