সাতক্ষীরার দেবহাটায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের অভিযোগে দুইটি আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ও জেলা প্রশাসনের যৌথ আভিযানিক দল।
মঙ্গলবার (১২ মে) জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে “শিলা আইসক্রীম” নামের একটি প্রতিষ্ঠানে ভেজাল মিশ্রিত ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান ব্যবহার করে পণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ও ৪২ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
একই অভিযানে “মদিনা আইসক্রীম” নামের আরেকটি প্রতিষ্ঠানে ভেজাল মিশ্রিত পণ্য উৎপাদন এবং অবৈধ পদ্ধতিতে খাদ্য প্রস্তুতের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ও ৪৩ ধারায় আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফূল ইসলাম।র্যাব জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভেজাল খাদ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কল্যান রায় জয়ন্ত
