যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা এলাকায় অভিযান চালিয়ে ২১৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-৩ যশোর ও ৪৯ বিজিবির যৌথ আভিযানিক দল। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ী গ্রামের মৃত শফিকুলের ছেলে মিনহাজুল (৪৮) এবং ধান্যখোলা গ্রামের হায়দার আলীর ছেলে ইমরান হোসেন (৩৪)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩ যশোর ও ৪৯ বিজিবির সদস্যরা ধান্যখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ২১৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত আলামতসহ তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক কারবার দমনে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কল্যান রায় জয়ন্ত
