মাগুরার শালিখা উপজেলার ছান্দ্রা গ্রামে সাত বছরের এক শিশুকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত শিশু আবু সাঈদ (৭) উপজেলার ছান্দ্রা গ্রামের আবদুল আলী ও নাগিস আক্তারের ছেলে। অভিযোগের তীর একই গ্রামের কিশোর সোহেল শিকদার (১৬)-এর বিরুদ্ধে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল ২০২৬ দুপুর আনুমানিক ১টার দিকে সোহেলের চাচাত ভাই সিয়াম খেলাধুলার কথা বলে আবু সাঈদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সেখানে সোহেল শিকদারসহ কয়েকজন উপস্থিত ছিল বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে আবু সাঈদের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে সোহেলের ছোট ভাই হুজাইফা ও চাচাত বোন বষাও উপস্থিত ছিল বলে জানা গেছে। তবে তাদের শরীরে কোনো ধরনের পোড়া চিহ্ন না থাকায় পরিবারের দাবি, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় আবু সাঈদকে প্রথমে যশোর সদর হাসপাতাল-এ নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সেখানে তার নিবিড় চিকিৎসা চলছে।
এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শিশুটির পরিবারও ন্যায়বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি:
