গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (চুক্কা বাড়ি) গ্রামে কবির হোসেন (৬০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকালে বাড়ির পাশের একটি আকাশমনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কবির হোসেন ওই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে বাড়ির পাশের আকাশমনি গাছের ডালের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় কবির হোসেনের মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি শ্রীপুর মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন কবির হোসেন। রাত ১২টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে বাড়ির পাশের বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা।
নিহতের মেয়ে রেখা জানান, তার বাবা বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং বিষণ্নতায় ভুগছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।
তেলিহাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ শরীফ মিয়া বলেন, ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, কবির হোসেন অত্যন্ত সহজ-সরল মানুষ ছিলেন। কারও সঙ্গে তার কোনো বিরোধ বা শত্রুতা ছিল না। তবে কয়েকদিন ধরে তাকে কিছুটা অস্বাভাবিক আচরণ করতে দেখা যাচ্ছিল।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আলম রশিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
