বাংলার ঐতিহ্য ও সম্ভাবনা পুনরুদ্ধারে কাজ করতে হবে — সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
মাগুরা জেলার ঐতিহ্যবাহী জিআই পণ্য হাজরাপুরী লিচুর সুনাম, ঐতিহ্য ও অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকালে হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিচু বাগানে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. নেওয়াজ হালিমা আরলী, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা এবং জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
মেলায় স্থানীয় কৃষক, উদ্যোক্তা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, হাজরাপুরী লিচুর উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ সম্প্রসারণ, কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং জিআই পণ্যের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন,“নানামুখী কারণে আমরা পিছিয়ে পড়েছি। তবে সঠিক নেতৃত্ব ও পরিকল্পনার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আমরা আবারও এই বাংলার হারানো ঐতিহ্য ও সম্ভাবনা পুনরুদ্ধার করতে পারব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
