নাটোরের লালপুরে ফসলি জমিতে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে নূর মোহাম্মদ ওরফে নূরা (৫৯) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নূর মোহাম্মদ উপজেলার নাগশোষা গ্রামের মৃত আজিমুদ্দিন মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ মে দিনের বেলা নূর মোহাম্মদ উপজেলার নওসারা সুলতানপুর চরে স্থানীয় বাসিন্দা মোঃ ফজলুর রহমানের জমিতে কৃষি কাজ করতে যান। জমিতে কাজ করার একপর্যায়ে একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এ সময় তার চিৎকার শুনে আশেপাশের মাঠের লোকজন ছুটে আসেন এবং বিষয়টি তার পরিবারকে জানান।
পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সোহেল রানা( নাটোর)
প্রতিনিধি।
