সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের এ আয়োজনটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বেলকুচি কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ ইসমাইল হোসেন, উপপরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, বগুড়া অঞ্চল বলেন, দেশের কৃষিকে আরও আধুনিক ও টেকসই করতে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। তিনি কৃষকদের পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং উদ্যোক্তা তৈরিতে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর। তিনি বলেন, “পার্টনার” প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। তিনি বলেন, কৃষিকে লাভজনক ও
কর্মসংস্থানমুখী খাতে রূপান্তর করতে সরকারি বিভিন্ন প্রকল্প মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) রেজাউল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বির হোসেন, কৃষি সম্প্রসারণ সার্কেল অফিসার সাব্বির আহমেদ শুভসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আল আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
