নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক স্কুলশিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব মোড়ে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষকের নাম আব্দুর রাজ্জাক (৪৭)। তিনি বালুবাজার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সোনাপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। অভিযুক্ত ব্যক্তি বজলুর রহমান (৩৫), তিনি চককেশব গ্রামের সফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে শিক্ষক আব্দুর রাজ্জাক বাড়ি ফেরার পথে চককেশব মোড়ে আগে থেকে অবস্থান নিয়ে থাকা বজলুর রহমান তার ওপর ধারালো দা দিয়ে অতর্কিত হামলা চালান। এতে তিনি একাধিক আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এলে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত শিক্ষককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত শিক্ষক আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, অভিযুক্ত বজলুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি মাদক সেবনের কারণে প্রায়ই রাস্তাঘাটে বিশৃঙ্খল আচরণ করতেন এবং শিক্ষার্থীদের সঙ্গেও অসদাচরণ করতেন। এ বিষয়ে বাধা দেওয়ায় তাকে হুমকি দেওয়া হচ্ছিল বলেও তিনি জানান। তারই জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে তার দাবি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এম এ মতিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
