আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বেতন-বোনাস, বকেয়া পাওনা ও দীর্ঘ ছুটির দাবিতে গাজীপুরের শ্রীপুর শিল্পাঞ্চল উত্তপ্ত হয়ে উঠেছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলার বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি, মহাসড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র যানজট।
সকালে উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড বহেরারচালা এলাকায় অবস্থিত মিতালী গ্রুপের কেএসএস গার্মেন্টস কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। শ্রমিকদের দাবি, ঈদুল আজহা উপলক্ষে ১১ দিনের ছুটি, চলতি মে মাসের পূর্ণ বেতন, ওভারটাইম বিল পরিশোধ এবং কয়েকজন কর্মকর্তার অপসারণ নিশ্চিত করতে হবে।
শ্রমিকরা জানান, বুধবার কর্তৃপক্ষের আশ্বাসে তারা কাজে ফিরলেও বৃহস্পতিবার সকালে কারখানায় এসে ফের উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের অভিযোগ, তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
অপরদিকে, বিকেলে উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ওশিন স্পিনিং মিলের শ্রমিকরা। দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।
শ্রমিকরা বলেন, ঈদের আগে বেতন-বোনাস না পেলে পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়তে হবে। তাই দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ ও থানা পুলিশ বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে।
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
