মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া শাখার একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন মির্জা আব্বাসের সঙ্গে তারা সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধি দল তার শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং কিছু সময় আলাপ করেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া শাখার আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ ইমন ও নুরুল আমিন, যুগ্ম সংগঠক মো. নুরুল ইসলাম সুজন, যুগ্ম সচিব আরিফুল ইসলাম এবং নির্বাহী সদস্য সাইফুল ইসলাম মাসুম।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার অবস্থা আগের তুলনায় স্থিতিশীল বলে জানিয়েছেন। তবে তাকে এখনও বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি প্রতিদিন কিছু সময় হুইলচেয়ারের সাহায্যে চলাচল করছেন।
এদিকে, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিনিধিদল মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।
এমডি রফিকুল মালয়েশিয়া
