আর মাত্র পাঁচ দিন পর উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে গাজীপুরের বিভিন্ন কোরবানির পশুর হাট ও খামার। এরই মধ্যে জেলার শ্রীপুর উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘সন্তোষ’ নামের একটি বিশাল আকৃতির শাহিওয়াল ষাঁড়।
‘
সন্তোষ’ কোনো মানুষের নাম নয়, শান্ত স্বভাবের একটি প্রিমিয়াম ষাঁড়ের নাম। বিশাল দেহ, আকর্ষণীয় গঠন ও শান্ত স্বভাবের কারণে প্রতিদিনই গরুটি দেখতে খামারে ভিড় করছেন শত শত মানুষ। স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও উৎসুক দর্শনার্থীরা আসছেন ‘সন্তোষ’-কে এক নজর দেখতে।
উপজেলার বৈরাগীরচালা এলাকার শেখ বাড়ির খামারি রেজাউল করিমের খামারে প্রায় তিন বছর ধরে লালন-পালন করা হয়েছে গরুটিকে। খামারি জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘাস, খড় ও দানাদার খাবার খাইয়ে বড় করা হয়েছে ‘সন্তোষ’-কে। কোনো ধরনের কেমিক্যাল, স্টেরয়েড বা মোটাতাজাকরণ ইনজেকশন ব্যবহার করা হয়নি।
খামার সূত্রে জানা যায়, খাঁটি শাহিওয়াল জাতের এ ষাঁড়টির বর্তমান ওজন প্রায় ৫০০ থেকে ৬৫০ কেজি। ইতোমধ্যে গরুটির দাম উঠেছে প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা। তবে খামারি পাঁচ লাখ টাকা দাম আশা করছেন।
খামারি রেজাউল করিম বলেন, “ছোটবেলা থেকেই সন্তোষকে অনেক যত্নে বড় করেছি। নিজের সন্তানের মতো করে লালন-পালন করেছি। গরুটিকে দেখতে মানুষ যেভাবে ভিড় করছেন, তাতে ভালো লাগছে।”
স্থানীয়রা জানান, ঈদ সামনে রেখে বড় গরুর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। আর সেই আগ্রহের কেন্দ্রেই এখন রয়েছে ‘সন্তোষ’। শান্ত স্বভাব ও দৃষ্টিনন্দন গঠনের কারণে গরুটি সবার নজর কাড়ছে।
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
