ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং বিপুল মুসল্লির উপস্থিতিতে সাতক্ষীরা সদর উপজেলার খানপুরে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ-উল আযহার সর্ববৃহৎ ঈদের জামাত। বুধবার সকাল ৭টা ৩০ মিনিটে খানপুর ঈদগাহ ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজ আদায়ের জন্য ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিরা ঈদগাহ ময়দানে উপস্থিত হতে থাকেন। নামাজ শুরুর আগেই পুরো ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুসল্লিদের উপস্থিতিতে পুরো এলাকায় এক আনন্দঘন ও ধর্মীয় আবহের সৃষ্টি হয়।
ঈদের জামাতে ইমামতি করেন পীরে কামেল আলহাজ্ব মহরম হাসান খানপুরী হুজুরের ছোট সাহেবজাদা আবু জাফর মোঃ মোবাশ্বির। তিনি অত্যন্ত সুন্দর ও হৃদয়স্পর্শী কণ্ঠে নামাজ পরিচালনা করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজের আগে সংক্ষিপ্ত আলোচনা ও ধর্মীয় বক্তব্য রাখেন মাওলানা ওহিদুজ্জামান, মাওলানা মনিরুজ্জামান এবং মাওলানা রেজাউল ইসলাম। বক্তারা পবিত্র ঈদ-উল আযহার তাৎপর্য তুলে ধরে বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। তারা ইসলামের শিক্ষা অনুসরণ করে মানবতার সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী মুসলমানদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীরজাদা হোসাইন হাফেজ সাহেব। মোনাজাতে ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের শান্তি ও মুক্তির জন্যও দোয়া করা হয়।
ঈদের জামাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক, বৃদ্ধসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়।
আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি