বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়ক শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ৮টি মামলায় ৮ জনকে দণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৩০ মে) উপজেলার বনানী বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাইফুর রহমান। এ সময় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবালসহ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণ এবং বাসের ছাদ ও ট্রাকে যাত্রী পরিবহনের মতো অননুমোদিত কার্যক্রম প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯২ ধারায় ৮টি মামলা দায়ের করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ঈদ-পরবর্তী সময়ে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ট্রাফিক আইন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাইফুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনা রোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ট্রাফিক আইন মেনে চলা সবার দায়িত্ব। তাই সকল চালক ও যাত্রীকে সচেতন হয়ে আইন মেনে চলার আহ্বান জানাই।”
তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা হ্রাসে উপজেলা প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
শাকিল রানা, বগুড়া প্রতিনিধি :