সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারের পৌর সিএনজি স্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে চারজন সিএনজি চালককে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
রবিবার (১ জুন ২০২৬) বিকেলে বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান।
জানা যায়, বেলকুচি থেকে সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ থেকে বেলকুচি ও এনায়েতপুরগামী সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করলে চারজন চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্টে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে চারজন সিএনজি চালককে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় চালকদের ভবিষ্যতে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষা এবং গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো পরিবহন চালক বা সংশ্লিষ্ট ব্যক্তি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় যাত্রীরা মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে কিছু চালক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করছিলেন। প্রশাসনের এ ধরনের পদক্ষেপ যাত্রীদের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
