গাজীপুরের শ্রীপুরে পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত আজিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত শামীম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনরা।
নিহত আজিজুল ইসলাম উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের হানিফ মিয়ার ছেলে। হামলায় তাঁর বৃদ্ধ মা কমলা খাতুনসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পাইটালবাড়ি গ্রামে আজিজুল ইসলামের বাড়ির আঙিনায় এ হামলার ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে প্রতিবেশী শামীম, ফকির, জামাল উদ্দিন, হৃদয়, শাহীনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্র, দা, লাঠি ও লোহার রড নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আজিজুল ইসলামের মাথায় আঘাত করে। পরে তাঁকে ঘিরে ধরে লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর মা কমলা খাতুনকেও মারধর করে আহত করা হয়।
নিহতের ছোট ভাই তাইজুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে অভিযুক্তরা আমাদের জমি দখলের চেষ্টা করে আসছিল। এ নিয়ে একাধিকবার হুমকি দিয়েছে।
পরিকল্পিত হামলায় আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করছি।”
হামলার পর গুরুতর আহত অবস্থায় আজিজুল ইসলামকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্নের প্রক্রিয়া চলছিল।
এদিকে মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে নিহতের স্বজন ও স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় এলাকায় উত্তেজনা দেখা দেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে শামীম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
