সু-শিক্ষাই সফলতার স্বপ্ন দেখায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামে নবপ্রতিষ্ঠিত তামাই মডেল কলেজ-এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা বিস্তার এবং এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই কলেজের প্রতিষ্ঠাতা হলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুছ ছামাদ খান, পিতা মৃত আজাহার আলী খান। কলেজটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ফজলার রহমান তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামাই মডেল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আব্দুছ ছামাদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী নান্নু আকন্দ, বাবলু ফকির, শেখ আব্দুল্লাহ ও আবু হেনা মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষিত জাতি গঠনের জন্য মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের বিকল্প নেই। তামাই মডেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই উচ্চশিক্ষার সুযোগ পাবে, যা শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। তামাই মডেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। আমি আশা করি, এই প্রতিষ্ঠান ভবিষ্যতে মেধাবী ও আদর্শ নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
সভাপতির বক্তব্যে আব্দুছ ছামাদ খান বলেন, এলাকার ছেলে-মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যেই তামাই মডেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি কলেজের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
