শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অসুস্থ অভিনেতা শেলীকে কেউ দেখতে যায়নি

অসুস্থ অভিনেতা শেলীকে কেউ দেখতে যায়নি

অসুস্থ অভিনেতা শেলীকে কেউ দেখতে যায়নি

নিউজ ডেস্ক:


দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ঢালিউডের গুণী অভিনেতা আব্দুল হান্নান শেলী। একসময় অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা এই শিল্পী এখন প্রায় শয্যাশায়ী। তার শারীরিক অবস্থা এতটাই নাজুক যে, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকাও তার জন্য কঠিন হয়ে পড়েছে। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আবেগঘন এক পোস্টে অভিনেতা এম কে এইচ পামির তুলে ধরেছেন হান্নান শেলীর অসুস্থতা ও নিঃসঙ্গতার করুণ চিত্র। পামির জানান, তাদের দুজনেরই গ্রামের বাড়ি পাবনায়। ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার সময় তিনি সিদ্ধান্ত নেন দীর্ঘদিনের সহকর্মীকে দেখতে যাবেন। সেই পরিকল্পনা অনুযায়ী শেলীর বাসায় গিয়ে দেখা করেন তার সঙ্গে। 

দীর্ঘদিন পর পরিচিত মুখকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হান্নান শেলী। পামির তার ফেসবুক পোস্টে লেখেন, “আমাকে দেখার পর শেলী ভাই যে কী খুশি হয়েছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, ‘আমি অসুস্থ হওয়ার পর কেউ আমাকে দেখতে আসেনি। আপনি এসেছেন পামির ভাই, আমার যে কী ভালো লাগছে!’ কথাগুলো বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।” 

শুধু মানসিক নয়, শারীরিক অবস্থারও মারাত্মক অবনতি হয়েছে বলে জানান পামির। তিনি লেখেন, “শেলী ভাই এতটাই অসুস্থ যে উঠে দাঁড়ালেই পুরো শরীর কাঁপতে থাকে। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। পুরোপুরি সুস্থ হতে তার আরো অনেক সময় লাগবে।” 

সহশিল্পীর এই কঠিন সময়ে শোবিজ অঙ্গনের মানুষ এবং ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন পামির। তিনি বলেন, “আমরা সবাই শেলী ভাইয়ের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।” 

এদিকে, হান্নান শেলীর চিকিৎসা ও সহায়তার বিষয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে বলেন, “প্রায় দুই মাস আগে তাকে একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শিল্পী কল্যাণ তহবিলে তার ফাইল পাঠানো হয়েছে। এখনো সাড়া পাওয়া যায়নি, তবে আমরা বিষয়টি নিয়মিত তদারকি করছি। তার শারীরিক অবস্থার বিষয়েও আমরা অবগত রয়েছি।” 

বলে রাখা ভালো, আব্দুল হান্নান শেলী বাংলাদেশের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের পরিচিত মুখ। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘কিত্তনখোলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’ এবং ওটিটি প্ল্যাটফর্মে আলোচিত ‘দুই দিনের দুনিয়া’। গুণী এই অভিনেতার অসুস্থতার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন সহকর্মী ও ভক্তরা। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে শুভকামনা জানাচ্ছেন।