শনিবার, জুন ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাইকেল জ্যাকসনের গান গাইবে ওয়ারফেজ

মাইকেল জ্যাকসনের গান গাইবে ওয়ারফেজ

মাইকেল জ্যাকসনের গান গাইবে ওয়ারফেজ

নিউজ ডেস্ক:


দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ ৬ জুন পা দিচ্ছে ৪২ বছরে। চার দশকেরও বেশি সময়ের সংগীতযাত্রা উদযাপন করতে গিয়ে ভক্তদের জন্য একাধিক চমক নিয়ে হাজির হচ্ছে ব্যান্ডটি। নতুন দুটি গান প্রকাশের পাশাপাশি কিং অব পপ মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট জানিয়ে আয়োজন করছে বিশেষ একক কনসার্ট।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড় কোনো আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও ৬ জুন ঢাকায় একটি প্রাইভেট কনসার্টে পারফর্ম করবে ওয়ারফেজ। ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিতে সদস্যরা একসঙ্গে সময় কাটাবেন এবং ছোট পরিসরে উদযাপন করবেন।

তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় খবর, চলতি মাসেই প্রকাশ পেতে পারে ওয়ারফেজের দুটি নতুন গান। এর মধ্যে একটি হলো ১৯৯৬ সালে প্রকাশিত ‘জীবনধারা’ অ্যালবামের জনপ্রিয় গান ‘ক্রমশ’-এর নতুন সংস্করণ। নতুন সংগীতায়োজনে গানটি শ্রোতাদের সামনে আনা হবে। এছাড়া একটি নতুন সিনেমার শিরোনাম সংগীতেও কণ্ঠ দিয়েছে ব্যান্ডটি, যা শিগগিরই প্রকাশের কথা রয়েছে।

এদিকে আগামী ২ জুলাই ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ওয়ারফেজের একক কনসার্ট ‘প্লেলিস্ট: ট্রিবিউট টু অরিজিনালস’। ব্র্যান্ডমিথের আয়োজনে অনুষ্ঠিতব্য এই কনসার্টে নিজেদের জনপ্রিয় গানের পাশাপাশি কিং অব পপ মাইকেল জ্যাকসনের ১০ থেকে ১২টি গান পরিবেশন করবে ব্যান্ডটি।

আয়োজকদের মতে, মাইকেল জ্যাকসনের গান এখনও বিশ্বজুড়ে সমান জনপ্রিয়। অন্যদিকে সম্প্রতি একুশে পদকে সম্মানিত হওয়া ওয়ারফেজও সময়ের অন্যতম আলোচিত ব্যান্ড। দুই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ আয়োজন।

কনসার্ট প্রসঙ্গে টিপু বলেন, ‘এটি আমাদের জন্য ভিন্নধর্মী একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। মাইকেল জ্যাকসনের গান পরিবেশনের পাশাপাশি নিজেদের জনপ্রিয় গানও থাকবে। কয়েকজন অতিথি শিল্পীকেও মঞ্চে দেখা যেতে পারে।’

আয়োজকরা জানিয়েছেন, কনসার্টের টিকিট শিগগিরই অনলাইন প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এ পাওয়া যাবে।

বর্তমানে ওয়ারফেজের সদস্যরা হলেন- শেখ মনিরুল আলম টিপু (ড্রামস), ইব্রাহিম আহমেদ কমল (লিড গিটার), পলাশ নূর (ভোকাল), নাঈম হক রজার (বেজ), শামস (কিবোর্ড), সামির হাফিজ (লিড গিটার) এবং সৌমেন দাস (লিড গিটার)।