শনিবার, জুন ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেঘুল্লা বাস-অটোভ্যান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এমপি আলীমের আর্থিক সহায়তা

মেঘুল্লা বাস-অটোভ্যান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এমপি আলীমের আর্থিক সহায়তা

মেঘুল্লা বাস-অটোভ্যান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এমপি আলীমের আর্থিক সহায়তা

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ বাস-অটোভ্যান সংঘর্ষে একই পরিবারের স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। তার নির্দেশনায় নিহত তিনজনের পরিবারের জন্য মোট ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি ভ্যানের ওপর উঠে যায়।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন আজুগরা হেজুলতলা গ্রামের ফজিলা খাতুন, তার স্বামী মোতালেব সরকার এবং অটোভ্যানচালক নুরু। গুরুতর আহত হন নিহত দম্পতির মেয়ে তামান্না খাতুন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুল হক জানান, অটোভ্যানের এক্সেল ভেঙে যাওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হই। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।”

এদিকে দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলোর খোঁজখবর নিতে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমের নির্দেশনায় দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আজিজুল হক পলাশ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করেন। এমপি মহোদয়ের পক্ষ থেকে নিহত তিনজনের পরিবারের জন্য ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে আজিজুল হক পলাশ বলেন, “সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম মহোদয়ের নির্দেশে আমরা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আহত তামান্না খাতুনের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এছাড়া নিহত ভ্যানচালক নুরুর পরিবার এবং তার সন্তানদের ভবিষ্যতের বিষয়েও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, দৌলতপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বাবুল প্রামাণিক, দৌলতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামতৈল গ্রামের ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জেলহজ আলী মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সহায়তা পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তারা বলেন, “আমরা কল্পনাও করিনি যে এমপি মহোদয় আমাদের খোঁজখবর নেবেন এবং এমন দুঃসময়ে পাশে দাঁড়াবেন। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। এই সময়ে তার আর্থিক সহায়তা ও সহযোগিতার আশ্বাস আমাদের কিছুটা হলেও সাহস জুগিয়েছে। তার এই মানবিকতা ও উদার মানসিকতার জন্য আমরা কৃতজ্ঞ।”

পরিবারের সদস্যরা আরও বলেন, “শুধু আর্থিক সহায়তাই নয়, আহত তামান্না খাতুনের চিকিৎসার বিষয়ে সহযোগিতার আশ্বাস এবং ভ্যানচালক নুরুর পরিবার ও সন্তানদের খোঁজখবর নেওয়ার উদ্যোগ আমাদের মুগ্ধ করেছে। আমরা এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। একই পরিবারের দুই সদস্যসহ তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক তদারকি জোরদারের দাবি জানিয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: