গাজীপুরের শ্রীপুর পৌরসভার চারবারের সফল মেয়র ও বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ আনিসুর রহমানের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এই শোককে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে একটি হৃদয়বিদারক ঘটনা। প্রিয় বড় ভাইয়ের মৃত্যুর খবর সইতে না পেরে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন তাঁর পিঠাপিঠি ছোট বোন রাশিদা আক্তার।
রবিবার (৭ জুন) বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেয়র আনিসুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
পারিবারিক সূত্র জানায়, দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়র আনিসুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ভাইয়ের এই খবরটি দেখা মাত্রই তীব্র মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়েন ছোট বোন রাশিদা আক্তার। ক্ষণিকের মাঝেই তিনি স্ট্রোকে আক্রান্ত হন। স্বজনরা তাঁকে দ্রুত মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাশিদা আক্তার শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের একরাম মোল্লার স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, আনিসুর ও রাশিদা ছিলেন পিঠাপিঠি ভাই-বোন। শৈশব, কৈশোর থেকে শুরু করে জীবনের দীর্ঘ পথচলা কেটেছে একসঙ্গে। বড় ভাইয়ের প্রতি রাশিদার ছিল গভীর আত্মিক টান ও ভালোবাসা। ভাইয়ের মৃত্যুর খবর তাঁর হৃদযন্ত্র সহ্য করতে পারেনি।
মেয়রের ভাগনে মোয়াজ্জেম কালের কণ্ঠকে বলেন, “দুপুরে মামার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খালা তীব্র অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের ছেড়ে চলে যান। আমরা ভাবতেও পারিনি এমন কিছু ঘটে যাবে।”
গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মেয়রের ভাতিজা জাহিদুল আলম রবিন বলেন, “ফুফা দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ বিকেল ৩টায় ইন্তেকাল করেছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর আগেই ছড়িয়ে পড়লে তা শুনে ফুফু স্ট্রোকে মারা যান।”
বাকরুদ্ধ পরিবার, শ্রীপুরে শোকের ছায়া
একই দিনে পরিবারের দুই অভিভাবককে হারিয়ে সম্পূর্ণ বাকরুদ্ধ ও স্তব্ধ হয়ে পড়েছেন স্বজনরা। মেয়রের ছোট ভাই মজিবুর রহমান কান্নাজড়িত কণ্ঠে কালের কণ্ঠকে বলেন, “একদিনে আমার ভাই-বোন দুজনকেই হারালাম...”। এরপর আবেগাপ্লুত হয়ে তিনি আর কোনো কথা বলতে পারেননি।
এদিকে প্রবীণ এই নেতা ও তাঁর বোনের আকস্মিক মৃত্যুতে মাধখলা গ্রামসহ পুরো শ্রীপুর পৌর এলাকায় নেমে এসেছে অন্ধকার নীরবতা। শোক জানাতে মরহুমের বাড়িতে ভিড় করছেন রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষ।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (৮ জুন) সকাল ১১টায় মরহুমদের বাড়ি সংলগ্ন মাধখলা মাঠে দুই ভাই-বোনের যৌথ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের পাশাপাশি দাফন করা হবে।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
