নিউজ ডেস্ক:
আজ কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার জন্মদিন। ১৯৭৩ সালের কালজয়ী চলচ্চিত্র ববি এবং ১৯৮৫ সালের সাগর–এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারজয়ী এই অভিনেত্রী ১৯৮০-এর দশকে হিন্দি চলচ্চিত্রে অন্যতম শীর্ষস্থানীয় নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
গুজরাটি ব্যবসায়ী চুন্নিভাই কাপাডিয়া ও তার স্ত্রী বেটি’র চার সন্তানের মধ্যে ডিম্পল ছিলেন জ্যেষ্ঠা। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তাঁর। মাত্র ১৪ বছর বয়সে পরিচালক রাজ কাপুর তাঁকে আবিষ্কার করেন এবং ববি ছবিতে কিশোরী প্রেমিকার ভূমিকায় সুযোগ দেন। ছবিটি অভাবনীয় সাফল্য পায় এবং ডিম্পল রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন।
চলচ্চিত্র মুক্তির আগে রাজেশ খান্নার সঙ্গে তাঁর বিয়ে হয় এবং এরপর কিছুদিনের জন্য অভিনয় থেকে সরে যান। তাঁদের দুই কন্যা— টুইঙ্কল খান্না ও রিঙ্কি খান্না— উভয়েই বলিউডে কাজ করেছেন।
১৯৮৪ সালে বিচ্ছেদের পর অভিনয়ে ফিরে আসেন এবং কামব্যাক ছবি সাগর (১৯৮৫) আবারও তাঁকে আলোচনায় নিয়ে আসে। ১৯৮০ ও ৯০-এর দশকে কাশ (১৯৮৭), দৃষ্টি (১৯৯০), লেকিন... (১৯৯১) এবং রুদালি (১৯৯৩)-তে তাঁর অভিনয় সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। রুদালি ছবিতে অসামান্য পারফরম্যান্সের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার লাভ করেন।
তিনি ছিলেন নারীকেন্দ্রিক অ্যাকশন ও বাস্তবধর্মী ছবির অন্যতম পথিকৃত, যিনি গ্ল্যামারাস ইমেজের গণ্ডি পেরিয়ে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন।
পরে গার্দিশ (১৯৯৩) ও ক্রান্তিবীর (১৯৯৪)-এর মতো ছবিতে শক্তিশালী পার্শ্বচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। ক্রান্তিবীর তাঁকে এনে দেয় তাঁর চতুর্থ ফিল্মফেয়ার পুরস্কার।
সাম্প্রতিক সময়ে, হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলান নির্মিত আন্তর্জাতিক থ্রিলার Tenet (২০২০)-এ অভিনয় করে তিনি বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেন।
আজ এই অনন্য শিল্পীর জন্মদিনে জানাই এন্টার টিভি পরিবার এর পক্ষ থেজে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর শিল্পসাধনা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করুক।