সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে রাজারহাটে জমে উঠেছে পতাকার বাজার, ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে রাজারহাটে জমে উঠেছে পতাকার বাজার, ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে রাজারহাটে জমে উঠেছে পতাকার বাজার, ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ।আগামী ১২ জুন বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠতে যাচ্ছে। আর সেই আয়োজনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে সমর্থকদের অনেকেই কিনছেন বিভিন্ন দেশের পতাকা।

ফলে রাজারহাটের হাট-বাজারগুলোতে জমে উঠেছে পতাকার বেচাকেনা।
উপজেলার বিভিন্ন বাজার, সড়কের মোড়, গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা এবং অস্থায়ী দোকানগুলোতে এখন শোভা পাচ্ছে নানা দেশের রঙিন পতাকা। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, পর্তুগালসহ বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা কিনতে ভিড় করছেন ফুটবলপ্রেমীরা। ছোট আকারের হাত-পতাকা থেকে শুরু করে বড় আকৃতির কাপড়ের পতাকা, ব্যানার ও ফেস্টুনও পাওয়া যাচ্ছে এসব দোকানে।

বিক্রেতারা জানান, বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে পতাকার চাহিদা। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি।

উপজেলার বিভিন্ন এলাকায় সমর্থকরা নিজেদের বাড়ির ছাদ, বারান্দা, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনেও প্রিয় দলের পতাকা টাঙাতে শুরু করেছেন।

লালমনিরহাট থেকে আসা পতাকা বিক্রেতা আজিম হোসেন জানান, তিনি দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরকে কেন্দ্র করে পতাকা বিক্রি করে আসছেন।

আজিম হোসেন বলেন, "বিশ্বকাপ ফুটবল শুরু হলেই পতাকার চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। বর্তমানে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০টি পতাকা বিক্রি হচ্ছে। এর মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার চাহিদা সবচেয়ে বেশি। বিশ্বকাপ শুরু হলে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।"

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবলপ্রেমীরা নিজেদের পছন্দের দলের পতাকা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন। কেউ বাড়ির ছাদে উড়াচ্ছেন বিশাল আকৃতির পতাকা, আবার কেউ দোকান কিংবা যানবাহনে লাগাচ্ছেন ছোট আকারের পতাকা। বিশ্বকাপকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রিয় দলকে সমর্থনের নানা প্রচারণা।

স্থানীয় ফুটবলপ্রেমীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্বকাপ ফুটবল এলেই রাজারহাটে তৈরি হয় এক ভিন্নরকম উৎসবের আবহ। দলভেদে সমর্থকদের মধ্যে চলে আনন্দ-উল্লাস, আলোচনা ও বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। প্রিয় দলের বিজয় কামনায় পতাকা উড়িয়ে নিজেদের সমর্থনের বহিঃপ্রকাশ ঘটান তারা।

স্থানীয়দের মতে, বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি ফুটবলপ্রেমীদের জন্য এক আবেগের নাম। চার বছর পর পর অনুষ্ঠিত এই আসরকে ঘিরে রাজারহাটের মানুষও মেতে ওঠেন উৎসবের আনন্দে। আর সেই আনন্দের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে বিভিন্ন দেশের পতাকা।

বিশ্বকাপের দিন যতই ঘনিয়ে আসছে, ততই রাজারহাটজুড়ে বাড়ছে ফুটবল উন্মাদনা। পতাকার রঙে রঙিন হয়ে উঠছে বাড়ির ছাদ, রাস্তার মোড়, দোকানপাট ও জনপদ। সব মিলিয়ে বিশ্বকাপকে কেন্দ্র করে এখন রাজারহাটে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।

হাফিজুর রহমান
রাজারহাট, কুড়িগ্রাম।