কিশোরগঞ্জ জেলা শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচলের উপযোগী করে তোলার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১০ জুন) পুনরায় বিশেষ অভিযান পরিচালনা করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে জেলা শহরের কালীবাড়ি মুক্তমঞ্চ হতে শুরু করে রথখলা হয়ে তেরিপট্টি মোড় অতিক্রম করে জাহাঙ্গীর মোড় পর্যন্ত প্রধান সড়ক ও ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও “বড়লোকের দোকানের এক্সটেনশন” অপসারণ করা হয়। এ সময় দোকানের নির্ধারিত সীমানা অতিক্রম করে বাইরে রাখা বিভিন্ন মালামাল অপসারণ করা হয়, যাতে পথচারীদের চলাচলের পথ সুগম হয়।
জনস্বার্থে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন
কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাজমুস সাকিব খান পিপিএম। অভিযানের সময় তিনি ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।
এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (কিশোরগঞ্জ সদর), জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),অফিসার ইনচার্জ (কিশোরগঞ্জ সদর মডেল থানা), জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে অভিযানের কার্যক্রম তুলে ধরেন।
পুলিশ জানায়,শহরের শৃঙ্খলা বজায় রাখতে এবং জনদুর্ভোগ কমাতে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কিশোরগঞ্জ প্রতিনিধি:- মাহ্ফুজুল হক খান (জিকু)
