মোঃ আব্দুল্লাহ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জেমি সওদাগর (২০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (১৫ জুন) রাতে উপজেলার পাকুয়া (আটাপাড়া) গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত জেমি সওদাগর ওই গ্রামের জ্ঞানী সওদাগরের মেয়ে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন এসআই নাসির আহমেদ, এএসআই জাহিদ হাসান, এএসআই মজনু, কনস্টেবল আক্কাস এবং কনস্টেবল লিপি খানম।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেমিকে নজরদারিতে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। পাকুয়া গ্রাম থেকে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে, পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
