ইদানীং কম সংখ্যক কাজ নিয়ে ছোটপর্দায় হাজির হতে দেখা গেলেও আগের মতো আলোচনায় নেই অভিনেত্রী তানজিন তিশা। যদিও মাঝে শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় স্ক্রিন শেয়ার নিয়ে ছিলেন আলোচনায়। কিন্তু সময়ের সঙ্গে সেটাও অনেকটা মলিন হয়ে গেছে। সিনেমাটি নির্মাণ নিয়ে ধোঁয়াশা ছিল। তবে এবার আলোর মুখ দেখতে যাচ্ছে। সেইসঙ্গে নতুন করে আবারও আলোচনায় চলে এসেছেন তিশা। শিগ্গির আবার শুটিং শুরু হচ্ছে ‘সোলজার’ সিনেমার। সেই লক্ষ্যেই সব প্রস্তুতি নিচ্ছেন পরিচালক সাকিব ফাহাদ ও সংশ্লিষ্ট তারকা। জানা গেছে, সিনেমাটির বাকি অংশের শুটিং সম্পন্ন করতে চলতি মাসেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন শাকিব-তিশা-ঐশিরা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই প্রেক্ষাগৃহে আসবে অ্যাকশনধর্মী এ সিনেমাটি। এ প্রসঙ্গে তিশা বলেন, ‘হ্যাঁ, অবশেষে আবারও শুটিংয়ে ফিরছি আমরা। সিনেমাটির জন্য আমি নিজেও অপেক্ষা করছি। কারণ এটি দর্শকদের অন্যরকম বিনোদন দেওয়ার পাশাপাশি অনেকের ক্যারিয়ার বদলে দেবে। তা ছাড়া নির্মাতা এরইমধ্যে দারুণ একটি সময় নির্ধারণ করেছেন সিনেমাটি মুক্তির জন্য। আশা করছি সবকিছু ঠিক থাকলে ঘোষিত সময়েই পর্দায় দেখা হবে।’
