আসছে আগামী স্থানীয় নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ছয়টি ইউনিয়নে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ ও প্রচার-প্রচারণায় সক্রিয় থাকলেও বিএনপির পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো শক্তিশালী প্রার্থী মাঠে দেখা যাচ্ছে না বলে স্থানীয়দের অভিমত।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাংগঠনিক নেতৃত্বের অভাব এবং অভ্যন্তরীণ বিভক্তির কারণে বিএনপি নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে রয়েছে। দলটির নেতাকর্মীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলা কমিটি গঠন না হওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
অন্যদিকে, জামায়াত ও এনসিপি ঘরানার সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক এবং সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। ফলে নির্বাচনী আলোচনা ও প্রচারণায় তাদের উপস্থিতি বেশি চোখে পড়ছে বলে জানিয়েছেন ভোটাররা।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলার সাবেক ছাত্রদল নেতা হযরত আলী সহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিএনপি নেতাকর্মী বলেন, সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠা ও দ্রুত কমিটি গঠন না হলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল সমর্থিত বা বিএনপি ঘরানার যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়তে পারে।
স্থানীয় শিক্ষক ও সমাজ সেবক রবিউল আলম বলেন যে, ফুলবাড়ীতে বিএনপির নিজস্ব ভোটব্যাংক রয়েছে। আগে থেকেই যদি মাঠ পর্যায়ে স্থানীয় নেতারা নির্বাচনী প্রচার প্রচারনা না করে তাহলে সাধারন ভোটারদের ভোট বঞ্চিত হওয়ার সম্ভবনা রয়েছে বিএনপি মনোয়া প্রার্থীদের।
তবে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকার দাবি করেন, নির্বাচন ঘনিয়ে এলে দলীয় অবস্থান আরও স্পষ্ট হবে এবং সম্ভাব্য প্রার্থীরাও মাঠে সক্রিয় হবেন। উপজেলার ছয়টি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা চেয়ারম্যান হিসেবে জিতবে বলে আশা করছেন। তিনি বলেন বড় দল হিসেবে বিএনপিতে কিছু মতবিরোধ থাকলেও দলীয় প্রার্থীরা বিজয়ী হবেন। ঐক্যবদ্ধভাবে নিরলস কাজ করে যাচ্ছেন দলের নেতাকর্মীরা। জনগণ উন্নয়নের পক্ষে। উন্নয়নের স্বার্থে জনগণ বিএনপির মননিত প্রার্থীদের ভোট দেবে।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফুলবাড়ীতে বিএনপির ভোটব্যাংক থাকলেও সাংগঠনিক দুর্বলতা অব্যাহত থাকলে স্থানীয় নির্বাচনে তার প্রভাব পড়তে পারে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তিগুলো আগে ভাগেই মাঠ গোছাতে শুরু করায় নির্বাচনী সমীকরণে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে।
মোঃ নাজমুল হাসান (ফুলবাড়ী,কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
