আজ (২১ জুন) মুক্তি পাচ্ছে নতুন বাংলা সিনেমা ‘অভিমান’। বাবা-ছেলের সম্পর্ক, না বলা অনুভূতি এবং জীবনের আবেগঘন মুহূর্তগুলোকে কেন্দ্র করে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি ও যিশু সেনগুপ্ত। ছবির মুক্তি উপলক্ষে এবার নিজের জীবনের এক আবেগময় অধ্যায়ের কথা তুলে ধরলেন যিশু।
সম্প্রতি ‘অভিমান’ নিয়ে কথা বলতে গিয়ে বাবা-মাকে হারানোর স্মৃতি স্মরণ করেন এই অভিনেতা। তিনি জানান, ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়েছেন। বাবার সঙ্গে অনেক কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ আর পাননি।
যিশু বলেন, ‘আমি ছোটবেলাতেই আমার বাবা-মাকে হারিয়েছি। বাবাকে খুব ভয় পেতাম। অনেক কথা ছিল, যা কখনো বলা হয়নি। বাবাকে অনেক কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু এখন আর বাবাকে কিছু বলার উপায় নেই।’
তার ভাষায়, ‘অভিমান’ শুধু একটি সিনেমা নয়, বরং অসংখ্য মানুষের জীবনের গল্প। বিশেষ করে বাবা-ছেলের সম্পর্কের এমন অনেক অনুভূতি থাকে, যা মুখে বলা হয়ে ওঠে না। সেই না বলা কথাগুলোকেই ছবিতে তুলে ধরা হয়েছে।
অভিনেতা বলেন, ‘এটি এক বাবা-ছেলের গল্প। একজন ছেলের তার বাবাকে খুঁজে পাওয়ার গল্প। আমাদের জীবনে অনেক না বলা কথা থেকে যায়। ছবিটি সেই অনুভূতিগুলোকে সামনে নিয়ে এসেছে।