দীর্ঘ সাত বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে নির্বাচনমুখী হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন না ‘প্রিয়তমা’খ্যাত প্রযোজক আরশাদ আদনান।
বুধবার (২৪ জুন) রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেন ‘গলুই’খ্যাত প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি একই প্যানেল থেকে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচন করবেন। সভাপতি পদে কে লড়বেন এখনো নিশ্চিত নয়। এছাড়া এই প্যানেলে সামসুল আলম সাধারণ সম্পাদক, প্রযোজক মো. ইকবাল যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রযোজক-পরিবেশক কামাল আন্তর্জাতিক সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন। ইতোমধ্যে তারা মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।
জানা গেছে, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংগঠনকে সক্রিয় করতে প্রযোজকদের একটি বড় অংশ নির্বাচনের পক্ষে একমত হয়েছেন।
সমিতির অফিস সেক্রেটারি সুমেন্দ্রনাথ বাবু জানান, আগামী ৮ আগস্ট বিএফডিসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলতি মাসের ২৮ জুলাই পর্যন্ত চলবে।
প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে ইতোমধ্যে চলচ্চিত্রাঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। পরিচালক, শিল্পী, প্রযোজক ও প্রদর্শকদের মধ্যে দীর্ঘদিন পর সংগঠনটির কার্যক্রম সচল হওয়ার আশাবাদ দেখা দিয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সর্বশেষ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৭ জুলাই। এরপর নানা আইনি জটিলতা ও ভোটার তালিকা সংক্রান্ত বিরোধের কারণে টানা ৭ বছর নির্বাচন আয়োজন সম্ভব হয়নি।