২০২৩ সালে লিওনেল মেসি যখন ইন্টার মায়ামিতে যোগ দেন দলটি ছিল এমএলএসের তলানির দল। দুই বছরের মাথায় মেসির অবিশ্বাস্য যাত্রা দেখল পরিণতি। বিশ্বজয়ী মহাতারকা জয় করলেন উত্তর আমেরিকা। গত রাতে (৬ ডিসেম্বর) এমএলএস কাপের ফাইনালে ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে ইন্টার মায়ামি তাদের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে। গোল না করলেও সতীর্থদের দুটি গোল বানিয়ে দিয়ে এই জয়ের নায়ক মেসিই।ইন্টার মায়ামিকে এই নিয়ে তৃতীয় শিরোপা এনে দিলেন মেসি। ২০২৩ সালে প্রথম শিরোপা হিসেবে জিতিয়েছিলেন লিগস কাপ, যেটি ছিল ক্লাবটির ইতিহাসের প্রথম শিরোপা। এরপর গত বছর হেরনদের এনে দিয়েছেন সাপোর্টারস শিল্ড। এবার এমএলএস কাপ জেতানোর পর মেসি সার্জিও বুস্কেটস, জর্দি আলবা এবং ইন্টার মায়ামি পরিবারের সবার উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন।
এমএলএস কাপে এবার দ্বিতীয়বারের মতো প্লে-অফে উঠেছিল মায়ামি, আর একই সঙ্গে ক্লাবের ইতিহাসে প্রথম লিগ শিরোপা। ২০২৪ সালে আটলান্টা ইউনাইটেডের কাছে হতাশাজনক বিদায়ের ঠিক এক বছর পর দ্বিতীয় চেষ্টায় সফলতা পেল হেরনরা। এবারের ফাইনালটি ছিল স্প্যানিশ দুই তারকা জর্দি আলবা এবং সার্জিও বুস্কেটসের ক্যারিয়ারের শেষ ম্যাচও। ইন্টার মায়ামির ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়ে সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের ইতি টানলেন।
