বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উদ্যোগে বিশাল সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ৭টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে এ র্যালি শুরু হয়। র্যালিটি সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে পোস্ট অফিস মোড়, নারকেলতলা মোড়, খুলনা রোড মোড়, সার্কিট হাউজ মোড় ও বাইপাসসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি নুরুন্নবীর পরিচালনায় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সাবেক সভাপতি আল মামুন, অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, এইচআরডি সম্পাদক সাদ্দাম হোসেন, প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, মিডিয়া সম্পাদক মাসুদ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি রফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। এর কারণে পরিবারে অশান্তি, অপরাধ ও সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তরুণ সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান বলেন, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি:
