শিশুদের সুস্থ, সবল ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলতে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল কর্মসূচির গুরুত্ব তুলে ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেছেন, "ছাত্র-ছাত্রী ও শিশুরা সুস্থ থাকলে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।"
এই প্রত্যয়কে সামনে রেখে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ভিটামিন 'এ' শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি রক্ষা এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ প্রজন্মই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে পারে। তাই অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের জনস্বাস্থ্য কর্মসূচির সফল বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বদা অঙ্গীকারবদ্ধ। শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতাও অত্যন্ত জরুরি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল গ্রহণের মাধ্যমে শিশুদের অপুষ্টি ও অন্ধত্বের ঝুঁকি কমানো সম্ভব। তাই সকল অভিভাবককে নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানদের এই ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এই কর্মসূচির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং একটি সুস্থ, মেধাবী ও সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল।
বুলবুল আহম্মেদ জিয়া
ঢাকা বিভাগীয় সংবাদাতা:
