২৮ জুন ২০২৬ (রবিবার): বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়ন, নগর ব্যবস্থাপনা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সভাপতি মাহমুদ হাসান খাঁন-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাজধানীর ব্যবসাবান্ধব পরিবেশ, পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন এবং পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প। এই খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সবসময় সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করছে। তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বিনিয়োগবান্ধব নগর গড়ে তুলতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খাঁন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং নগর ব্যবস্থাপনা ও শিল্পখাতের উন্নয়নে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎটি পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, শিল্পবান্ধব পরিবেশ এবং উন্নত নগর সেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
বুলবুল আহম্মেদ জিয়া
ঢাকা বিভাগীয় সংবাদাতা :
