বাবার প্রতি সন্তানের ভালোবাসা কতটা গভীর হতে পারে, তার এক অনন্য উদাহরণ হয়ে রইলেন ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতা। বিশ্ব বাবা দিবসে প্রয়াত বাবা এ এস এম নিজামউদ্দিনকে স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি জানালেন তাঁর জীবনের সবচেয়ে ব্যক্তিগত ও হৃদয়স্পর্শী একটি ইচ্ছার কথা।
ছোটবেলা থেকেই বাবার কঠোর শাসন, শৃঙ্খলা ও আদর্শে বেড়ে উঠেছেন তিনি। সন্ধ্যার আগে বাসায় ফেরার নিয়ম, সৎ জীবনযাপন আর পরিপাটি থাকার শিক্ষা—সবই বাবার কাছ থেকেই পাওয়া।
ববিতা জানান, তাঁর বাবা সিনেমার ভীষণ অনুরাগী ছিলেন। এমনকি সত্যজিৎ রায় পরিচালিত কালজয়ী চলচ্চিত্র অশনিসংকেত-এ অভিনয়ের আগে সত্যজিৎ রায় নিজেই তাঁর বাবার সঙ্গে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করেছিলেন।
অন্ধকার রাতে হারিকেন হাতে বাবাকে এগিয়ে আনতে যাওয়ার সেই শৈশবের স্মৃতি আজও তাঁর হৃদয়ে অমলিন। বিয়ের মাত্র চার মাস পরই বাবাকে হারান ববিতা। সেই শূন্যতা আজও তাঁকে তাড়িয়ে বেড়ায়। বাবার প্রতি সীমাহীন ভালোবাসা থেকেই অশ্রুসজল কণ্ঠে তিনি বলেন—
“আব্বা আমার জীবনের আদর্শ। আমার ইচ্ছা, মৃ'ত্যুর পর বনানী কবরস্থানে আব্বার কবরের পাশেই যেন আমাকে দাফন করা হয়।”
কোটি মানুষের ভালোবাসায় সিক্ত এই কিংবদন্তি শিল্পীর শেষ ইচ্ছাও জড়িয়ে আছে শুধুই তাঁর বাবার সঙ্গে। বাবা-মেয়ের এই নির্মল ভালোবাসা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।
