কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মো. জালাল উদ্দীন ২০২৬-২০২৭ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তায় সরকারের বিনামূল্যের কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ এবং মরিচ চাষের উপকরণ বিতরণ কার্যক্রমের সূচনা করেন। এ সময় তিনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি করতেই সরকার ধারাবাহিকভাবে এ ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে উন্নতমানের বীজ ও কৃষি উপকরণ কৃষকদের হাতে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রণোদনার মাধ্যমে কৃষকরা অধিক ফলনশীল ফসল উৎপাদনে উৎসাহিত হবেন এবং দেশের খাদ্যশস্য ও সবজি উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের কৃষিবান্ধব উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদনে নতুন গতি সঞ্চার করবে এবং দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করবে।
বুলবুল আহম্মেদ জিয়া
