৪০০ বছরের ঐতিহাসিক বটগাছ ঘিরে বিশ্রামাগার, পর্যটনের সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরাএম এ মতিন, মান্দা(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামে প্রায় ৪০০ বছরের ঐতিহাসিক বটগাছকে ঘিরে নির্মিত পথিক ও কৃষকদের বিশ্রামাগার ‘বৃক্ষমায়া’র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই)বিকেলে ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে নির্মিত এ শেডের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূর এনায়েত মো. নুরুজ্জামান হারুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, “উন্নয়ন শুধু বড় বড় অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের দৈনন্দিন প্রয়োজন, কৃষকদের স্বাচ্ছন্দ্য এবং আমাদের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। ‘বৃক্ষমায়া’ সেই ভাবনারই একটি বাস্তব উদাহরণ। ভবিষ্যতেও জনকল্যাণে এ ধরনের মানবিক ও টেকসই উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “এই ঐতিহাসিক বটগাছ আমাদের এলাকার ঐতিহ্যের অংশ। এটিকে সংরক্ষণের পাশাপাশি এখানে আগত পথচারী, কৃষক ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।”
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, প্রায় চার শতাব্দী প্রাচীন এই বটগাছ ও এর মনোরম পরিবেশকে কেন্দ্র করে ‘বৃক্ষমায়া’ ভবিষ্যতে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে। একই সঙ্গে এটি পথচারী ও কৃষকদের বিশ্রামের সুযোগ সৃষ্টি করবে এবং এলাকার ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় পথচারী ও কৃষকদের বিশ্রামের জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা ছিল না। নতুন এ পথিক/কৃষক শেড নির্মাণের ফলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে এবং ঐতিহাসিক বটতলাকে ঘিরে এলাকার সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা আরও বিকশিত হবে।
