সুনামগঞ্জের ছাতক উপজেলার রাজেন্দ্রপুর /পাড়াপুঞ্জি মৌজাস্থিত চেলা নদীর ডালা গং গেদুর ডালা এলাকা থেকে সরকারি খাস ফসলি জমি ও নদীর তীর কেটে অবৈধভাবে বালু ও নুড়িপাথর উত্তোলনের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ছয়টি গ্রামের শত শত মানুষ ঐক্যবদ্ধ হয়ে পূর্ব সোনাপুর এলাকায় চেলা নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
পূর্ব সোনাপুর গ্রামের প্রবীণ মুরব্বি হাজী সুলতান মিয়ার সভাপতিত্বে এবং ব্যবসায়ী আব্দুল কাদির ও আব্দুল হেকিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঙ্গুর মিয়া, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নওশাদ জামিল, লাল মিয়া, ফরিদ মিয়া, বাদশা মিয়া, রফিকুল ইসলাম সেনু, আব্দুল হাই, হাদিল মিয়া, আমির উদ্দিন, মেরাজুল হক, আনু মিয়া, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির, নুরুল ইসলাম নুরু, হুশিয়ার আলী, মাওলানা আব্দুল খালিক মানিক, হাফিজ নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, ইরন মিয়া, খলিল মিয়া, নজরুল মিয়া, কন্টেন্ট ক্রিয়েটর রুবেল মিয়া, ময়না মিয়া, নিয়াজুল মিয়া,কাজির গাওঁ, রমজান আলী,আলমপুর, সাংবাদিক জাহাঙ্গীর আলম মেহেদী।
আব্দুল খালিক, কাছা মিয়া, মন্তাজ মিয়া, গোলাফ মিয়া, মঞ্জু মিয়া, ফারুক মিয়া, রতন মিয়া, ছুরত মিয়া, শাহিন মিয়া, লিটন মিয়া, আখল মিয়া, নাঈম আহমদ ও শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইজারা বহির্ভূত পাড়াপুঞ্জি মৌজার চেলা নদীর ডালা গং গেদুর ডালা এলাকা থেকে একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে ড্রেজার মেশিন এবং দিনের বেলায় খননযন্ত্র ব্যবহার করে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু ও নুড়িপাথর উত্তোলন করছে। এতে নদীর তীর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আশপাশের জনপদ ভাঙনের ঝুঁকিতে পড়ছে।
তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সোনাপুর কওমি মাদরাসা, স্থানীয় মসজিদ, ঈদগাহ, কবরস্থান, শারফিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজিরগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাবিবনগর জামে মসজিদ, হাবিবনগর হাফিজিয়া মাদরাসা, টুকেরগাঁও জামে মসজিদ, রহমতপুর বাজার লতিফিয়া দাখিল মাদরাসাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ৮ থেকে ৯টি গ্রামের বসতভিটা ও ফসলি জমি নদীভাঙনের হুমকির মুখে রয়েছে।
বক্তারা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান। একই সঙ্গে তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিরগাঁও এবং দোয়ারাবাজার উপজেলার সোনাপুর, পূর্ব সোনাপুর, চাইরগাঁও, হাবিবনগর ও শারফিননগর গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা ওবায়দুল্লাহ হক সহ প্রমুখ।
ছাতক প্রতিনিধি
