কৃষিই সমৃদ্ধি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার, লেবুর চারা ও জৈব সার এবং কাঁচা মরিচের বীজ ও সার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়।
শনিবার (৪ জুলাই) সকালে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিও অব্যাহত রয়েছে। তিনি কৃষকদের সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং কৃষি সম্প্রসারণ সার্কেল অফিসার সাব্বির আহমেদ শুভ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকদের হাতে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার, লেবুর চারা, কাঁচা মরিচের বীজ, জৈব সার এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা ও বাঁশের খুঁটি তুলে দেন অতিথিরা।
আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
