কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গুরুত্বপূর্ণ রাজারহাট-আনন্দবাজার সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির প্রতিবাদ এবং দ্রুত সংস্কার কাজ সম্পন্নের দাবিতে রবিবার সকাল ১১টায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন ও গণবিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় জনগণ।
'রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, রাজারহাট উপজেলা শাখা'র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা জানান, রাজারহাট উপজেলার সোনালী ব্যাংক মোড় থেকে ফরকেরহাট হয়ে আনন্দবাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি প্রায় ৫০ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা। প্রায় ১৪ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজ শুরু হলেও নির্ধারিত সময় ৩০ জানুয়ারি ২০২৬-এর মধ্যে কাজ শেষ হয়নি। অভিযোগ অনুযায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘খায়রুল কবির রানা’ দীর্ঘ দেড় বছর ধরে কাজ বন্ধ রেখে সড়কটি খুঁড়ে ফেলে রাখায় পুরো এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা আরও বলেন, খোঁড়াখুঁড়ির কারণে সড়কে প্রতিদিন ধুলাবালির সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষ শ্বাসকষ্ট, অ্যালার্জি এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ অন্যান্য জরুরি যানবাহনের চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিকল্প পরিবহন সংকটের সুযোগ নিয়ে রিকশা ও অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেন তারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দিলেও তা কার্যকর হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা দ্রুত সড়কের সংস্কার কাজ পুনরায় শুরু, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন এবং দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন ও গণবিক্ষোভে বক্তব্য দেন রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক খন্দকার আরিফ, তারেক রহমান ও আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
